টুপটুপ রিসোর্টের কউক, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছিল না; নোটিশ দিয়েও কার্যকর ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট সংস্থাগুলো
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে এক হাজারের বেশি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এর মধ্যে যাচাই-বাছাই করা আড়াই শতাধিক প্রতিষ্ঠানের বৈধতা নিশ্চিত করতে পারেনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক), ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে নোটিশ দিয়ে সতর্ক করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আসছিল।
মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের প্রাণহানি ও ছয়জন আহত হওয়ার পর প্রতিষ্ঠানটির অনুমোদন না থাকার বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিসোর্টটির কউক, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে টুপটুপ রিসোর্টে আগুন লাগে। প্রাণহানির এ ঘটনায় পর্যটন এলাকার প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা, বৈধতা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
নোটিশের পরও কার্যকর ব্যবস্থা হয়নি
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, টুপটুপ রিসোর্টের কউকের অনুমোদন ছিল না। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে নোটিশ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলেন, মেরিন ড্রাইভ এলাকায় এক হাজারের বেশি প্রতিষ্ঠান রয়েছে। সব প্রতিষ্ঠান একসঙ্গে যাচাই করা কউকের পক্ষে সম্ভব হয়নি। ধারাবাহিকভাবে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। ইতিমধ্যে যাচাই করা আড়াই শতাধিক প্রতিষ্ঠানকে বৈধতা নিশ্চিত করতে নোটিশ দেওয়া হয়েছে।
কউক চেয়ারম্যান জানান, নোটিশ দেওয়ার পর নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর চূড়ান্ত নোটিশ দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
ফায়ার সার্ভিসের লাইসেন্সও ছিল না
ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানান, টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। এ বিষয়ে আগে সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধতা নেয়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, টুপটুপ রিসোর্ট ছাড়াও মেরিন ড্রাইভ এলাকার দুই শতাধিক প্রতিষ্ঠানকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগেই নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই।
তিনি জানান, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার ঢাকায় থেকে নির্দেশনা এসেছে।
পরিবেশ ছাড়পত্র নেই আড়াই শতাধিক প্রতিষ্ঠানের
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টসহ আড়াই শতাধিক প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র নেই। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো
বড় ধরনের দুর্ঘটনার পর প্রতিষ্ঠানগুলোর বৈধতা না থাকার বিষয়টি প্রকাশ্যে আসায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তাঁদের মতে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর অনুমোদন, অগ্নিনিরাপত্তা ও পরিবেশগত ছাড়পত্র যাচাইয়ের পাশাপাশি নিয়মিত তদারকি জরুরি।
কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব বেলাল আবেদীন বলেন, “পর্যটন বিকাশের পূর্বশর্ত পর্যটকদের নিরাপত্তা। ভয়াবহ আগুনে ১০ জনের প্রাণহানির পর এই প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের বৈধতা নেই বলে দায় এড়াতে পারে না কউক, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস।”
টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের পর মেরিন ড্রাইভের অন্যান্য প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং নোটিশ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে

