বিজিবির টহলদলকে দেখে পাহাড়ের জঙ্গলে পালিয়ে যায় সন্দেহভাজন ব্যক্তিরা; উদ্ধার দুটি বাটন মোবাইল ফোনও
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬২ মিমি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে গতকাল সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, টহলদলটি কচুছড়িমুখ পাড়া এলাকায় সীমান্তবর্তী পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে আসা সন্দেহভাজন একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে টহলদল ধাওয়া করলে সন্দেহভাজন ব্যক্তিরা পাশের পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিমি এসএমজি, ১০০ রাউন্ড গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় বা তাদের আটকের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

