প্রশাসন ক্যাডারে ২৬৬, পুলিশে ৭১ ও পররাষ্ট্র ক্যাডারে ৯ জন; যোগদান করতে হবে ১ নভেম্বর
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৬৬ জন, পুলিশ ক্যাডারে ৭১ জন এবং পররাষ্ট্র ক্যাডারে রয়েছেন ৯ জন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর আগে ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। তবে চূড়ান্ত গেজেটে তাদের মধ্যে ১০৫ জনের নাম বাদ পড়েছে।
নবম গ্রেডে নিয়োগ, বেতন জাতীয় বেতনস্কেল অনুযায়ী
প্রজ্ঞাপনে বলা হয়, পিএসসির সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর পিএসসির পাঠানো সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগের সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
যোগদান করতে হবে ১ নভেম্বর
নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১ নভেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে নবনিযুক্ত কর্মকর্তাদের।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া হলে নির্ধারিত তারিখেই যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অসম্মত বলে গণ্য হবেন। সে ক্ষেত্রে তাঁর নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।
যেভাবে এগিয়েছে ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া
২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে শুরু হয় ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া। পরের বছর মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয় লিখিত পরীক্ষা। এরপর ২০২৫ সালের ৮ জুলাই থেকে কয়েক ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সব ধাপ শেষে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। সেই সুপারিশের ভিত্তিতেই এবার ১ হাজার ৭০২ জন প্রার্থীর নিয়োগের চূড়ান্ত গেজেট প্রকাশ করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

