বিজিবির অভিযানে ৫০০ গ্রাম মাদক উদ্ধার, উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা
সাতক্ষীরা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা শ্মশানঘাট সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঘোনা বিওপির একটি দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক সীমান্ত এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনের প্যাকেটে রাখা ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেন বিজিবি সদস্যরা।
জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

