বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাউফলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সেলিমা রহমান এমপির মতবিনিময়

পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমা রহমান এমপি। এ ছাড়া উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি শেনাংশু সরকার কুটি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাঁশরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় সেলিমা রহমান বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবামূলক কর্মকাণ্ড ও দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চলমান প্রকল্প এবং সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে এসে হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। সরকারি সেবার মান বাড়াতে স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, বাউফলের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের চাহিদাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

পরে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সেলিমা রহমান। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন