সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আইনি সেবা ও অভিযোগ জানাতে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে বাড়ছে যোগাযোগ

আইনি পরামর্শ, মামলার তথ্য ও অভিযোগ নিয়ে সেবা; সেপ্টেম্বরে ১৪টি অভিযোগ নিষ্পত্তি, ৬টির বিষয়ে আইনগত পদক্ষেপ

আইনি পরামর্শ গ্রহণ, মামলার তথ্য জানা এবং আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের অভিযোগ জানাতে চলতি বছরের প্রথম নয় মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি কল এসেছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে এসব কল করা হয়।

সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। সেলটির তথ্য অনুযায়ী, হেল্পলাইনে আইনি পরামর্শ, মামলার তথ্য এবং অভিযোগ দাখিলের বিষয়ে সেবা দেওয়া হচ্ছে। শুধু সেপ্টেম্বর মাসেই হেল্পলাইনে ৭৭৪টি কল এসেছে।

সেপ্টেম্বরে আইনি পরামর্শ চেয়ে ১১১ কল

মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে আসা ৭৭৪টি কলের মধ্যে ১১১টি ছিল আইনি পরামর্শ গ্রহণের জন্য। এ ছাড়া মামলার তথ্য জানতে চেয়ে কল করেন ১৮৪ জন। এসব কলের মাধ্যমে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।

তবে হেল্পলাইন নম্বর ১০৩-এ কল করেও কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি—এমন কলের সংখ্যা ছিল ৩৮০টি।

১৪টি অভিযোগ নিষ্পত্তি, ৬টির বিষয়ে পদক্ষেপ

সুপ্রিম কোর্ট ও দেশের বিভিন্ন জেলা আদালত-সংশ্লিষ্ট অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা পেতে বিলম্ব এবং অসদাচরণের অভিযোগ জানিয়ে সেপ্টেম্বরে ২০টি কল আসে।

এসব অভিযোগের মধ্যে আইনি সেবা পেতে বিলম্ব, রায়ের কপি না পাওয়া, নথি হারিয়ে যাওয়া এবং মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে করা ১৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। অন্যদিকে, অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণ-সংক্রান্ত ছয়টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের বিরুদ্ধে ৭৯টি কল

সেপ্টেম্বর মাসে রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ৭৯টি কল আসে।

তবে এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারবহির্ভূত হওয়ায় সংশ্লিষ্ট বিষয়ে কী করণীয়, সে সম্পর্কে কলকারীদের পরামর্শ দেওয়া হয়।

২০২৫ সালের ডিসেম্বরে চালু হয় হেল্পলাইন

প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে আদালত-সংশ্লিষ্ট তথ্য, আইনি পরামর্শ এবং বিভিন্ন অভিযোগ জানানোর সুযোগ তৈরি হয়েছে।

বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যায়। এ ছাড়া ১০৩ নম্বরে অনলাইন সেবাও চালু রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন