জামালপুরের সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে মরহুম সাইদুর রহমান তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে পৌর এলাকার গণময়দান মাঠে শিমলাবাজার ইউনিট ছাত্রদলের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় শুয়াকৈর বয়েজ স্পোর্টিং ক্লাব ও এসএসসি ব্যাচ ২০২০ শিমলাবাজার। ১২ ওভারের রোমাঞ্চকর এ খেলায় দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে জয় তুলে নেয় এসএসসি ব্যাচ ২০২০ শিমলাবাজার দল। এর মধ্য দিয়ে দলটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে উপহার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি ছাগল দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টু ও আল মাসুম। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রানা চপল।
খেলাকে কেন্দ্র করে গণময়দান মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি জমজমাট হয়ে ওঠে।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়ানো এবং তরুণদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

