শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, স্থায়ী সেতুর দাবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের টাকুরিয়া এলাকায় জিয়া খালের ওপর নির্মিত জরাজীর্ণ কাঠের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ। দীর্ঘদিন সংস্কার না করায় সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে কৃষক, শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় পুরোনো পিলারের ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়া খালের ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল প্রায় ২৫ বছর আগে। তবে পিলার নির্মাণের পর অজ্ঞাত কারণে কাজ বন্ধ হয়ে যায়। এতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার টাকুরিয়া, মালিপাড়া, ব্রাহ্মণজানী, মানিক পটল, বিন্নাফৈর ও চর সরিষাবাড়ী এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর, শালগ্রাম ও মাজনাবাড়ীসহ আশপাশের গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগের সমস্যায় ভুগছেন।

একসময় শুকনো মৌসুমে হেঁটে খাল পার হতে পারলেও বর্ষায় পানি বেড়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠত। তখন নৌকা ও বাঁশের সাঁকুই ছিল চলাচলের প্রধান ভরসা। অনেক সময় প্রায় সাত কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যেতে হতো স্থানীয়দের।

পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে পুরোনো পিলারের ওপর লোহার কাঠামো ও কাঠের পাটাতন বসিয়ে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন সংস্কার না করায় সেটিও এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। সেতুর বিভিন্ন স্থানে কাঠ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে মানুষকে।

টাকুরিয়া গ্রামের কৃষক আব্দুল হাই গেদা, সালাম মিয়া ও বাদল হোসেনসহ স্থানীয় কয়েকজন বলেন, সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার পর তাঁদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু পিলার নির্মাণের পর দীর্ঘ সময় পার হলেও স্থায়ী সেতু নির্মিত হয়নি। তাঁদের ভাষায়, শুরুতে সেতুর উদ্যোগ আশার আলো দেখালেও এখন তা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সমাজসেবক বাবুল সরকার বলেন, চরাঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। ভালো ফলন হলেও সেতুর দুরবস্থার কারণে কৃষকদের উৎপাদিত ফসল সহজে বাজারে নেওয়া যায় না। ফলে ন্যায্যমূল্য পাওয়া নিয়েও সমস্যা তৈরি হয়। পাশাপাশি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদেরও ঝুঁকিপূর্ণ সেতু ও খানাখন্দে ভরা সংযোগ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

তিনি বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে জিয়া খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ এবং সংযোগ সড়কটি সংস্কার করা জরুরি। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী বলেন, এলাকাবাসীর মাধ্যমে সেতুটির দুরবস্থার কথা জেনেছেন তিনি। স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগ কমাতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সেতুর লোহার অ্যাঙ্গেল ও কাঠ পরিবর্তন করে সংস্কার করা হবে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে সেখানে স্থায়ী সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সাময়িক সংস্কারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী সেতু নির্মাণ ও সংযোগ সড়ক মেরামতের উদ্যোগ নেবে। এতে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগ কমবে এবং কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন