শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বর্গাচাষি

স জী ম শা ই ন

আমি যে কবিতার জমিন চাষ করি, 
তার মালিক আমার প্রিয় বর্ণমালা।
সে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপে আসে
কবিতার জমিন দর্শনে।
বাংলা ভাষার বুকে বর্ণমালা ওড়ে —
তারা হয়ে যায় হাজার কোটি শব্দাবলী।
আমি কবিতার জমিনে রূপা আমন বুনতে গিয়ে দেখি,
বর্ণমালার মালিক প্রাতঃভ্রমণে বেরিয়েছে।
আমার ছেলে ওহী এসেছে পান্তা ভাত নিয়ে।
সে আমাকে প্রশ্ন করে —
“বাবা, এই মহিলা কে? আমাদের ফসলের ভাগ নেয় কেন?”
আমি বলি — “উনিই তো মাতৃভাষার মালিক,
আমরা কেবল বর্গাচাষি।
এমন করে বলতে নেই বাবা, চাষার ছেলের।”
আমাদের হাজার বছরের ইতিহাস লাঙল,
এসব মানতে চাই না বলেই লাঙল ছেড়ে হাতে নিয়েছি কলম।
স্বাধীনতার কোনো মন্ত্র জানা নেই আমাদের,
তাই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি।

দুর্গাপুর, নেত্রকোণা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন