শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নকল পণ্য ও বাজারে অনিয়ম: ৮২ প্রতিষ্ঠানকে ১২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা

নকল-ভেজাল পণ্য প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮২টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার অধিদপ্তরের ৪৩টি দল একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে রাজধানীর মধ্য বাড্ডায় কফি ও সসের নকল প্যাকেজিং করে বাজারজাত করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও ইন্দ্রানী রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআরবি-১ ও বাড্ডা থানা পুলিশ সহযোগিতা করে।

অধিদপ্তর জানায়, ‘Nescafe Coffee’, ‘American BBQ Sauce’ ও ‘Yellow Mustard Sauce’-এর নকল প্যাকেজিং করে বাজারজাত করার অপরাধে দোহা কর্পোরেট, মাসুম এন্টারপ্রাইজ ও জুনায়েদ এন্টারপ্রাইজকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

দেশব্যাপী পরিচালিত তদারকিতে গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সরকার নির্ধারিত বা ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতের বিষয়গুলো যাচাই করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে সঠিক ও হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ বা ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে তা দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। তদারকি কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয়। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সঠিক ওজন ও পরিমাপ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় বিক্রেতার কাছ থেকে রশিদ বা ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।

পণ্য কেনার ক্ষেত্রে অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ন্যায্যমূল্য নিশ্চিত এবং ভোক্তা-অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন