বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

দিনাজপুরে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও ট্রাফিক আইন বিষয়ে সচেতন করলেন পুলিশ সুপার

সাইবার নিরাপত্তা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে লিফলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

বুধবার (৭ অক্টোবর) দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সুপার শিক্ষার্থীদের অনলাইন গেম ও ডিজিটাল ডিভাইসের আসক্তি, মাদক, কিশোর গ্যাং এবং ট্রাফিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও ধর্মীয় কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

রাস্তায় চলাচলের সময় শিক্ষার্থীরা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন পুলিশ সুপার। কোনো শিক্ষার্থী সমস্যার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শ দেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন