খুলনায় হোটেলকক্ষে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ফাতেমা আক্তার (২৪) ওরফে সুপ্তী রানী জোয়ার্দার নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে খুলনা সদর থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে খুলনা সদর থানাধীন হোটেল কপোতাক্ষে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ৩টার দিকে হোটেল কপোতাক্ষের ম্যানেজার মনির ৯৯৯ নম্বরে ফোন করে জানান, হোটেলের একটি কক্ষে এক নারী তার স্বামীকে হত্যা করেছেন। কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. সোলাইমান। পরে বিষয়টি খুলনা সদর থানায় জানানো হয়। এ সময় সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মো. আব্দুল মান্নান।
পুলিশ জানায়, ঘটনার আগের রাতে স্বামী-স্ত্রীর পরিচয়ে অভিযুক্ত নারী ও সোহেল রানা বাবু (৩২) নামের ওই ব্যক্তি হোটেল কপোতাক্ষে ওঠেন। প্রাথমিকভাবে জানা যায়, কথিত স্বামী ওই নারীকে দিয়ে দেহব্যবসা করাতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে ওই নারী শারীরিক অসুস্থতার কারণে অনৈতিক কাজে যেতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।
একপর্যায়ে ওই নারী ওড়না পেঁচিয়ে সোহেল রানা বাবুকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনা সদর থানা পুলিশ দ্রুত হোটেলটিতে পৌঁছে অভিযুক্ত নারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত নারী ফাতেমা আক্তার (২৪) ওরফে সুপ্তী রানী জোয়ার্দার। তিনি খুলনার দাকোপ উপজেলার আচাবুয়া গ্রামের মৃত বিকাশ জোয়ার্দারের মেয়ে এবং তার মায়ের নাম খাদিজা বেগম ওরফে সুনীত রায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

