বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। এর আগে বুধবার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের দুদু মিয়ার মেয়ে দুলালী বেগমের সঙ্গে প্রায় ৮-৯ বছর আগে কাটাবাড়ি ইউনিয়নের বোগদহ পলুপাড়ার ফইম উদ্দিনের ছেলে বিরাজ আলীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান জন্ম নেয়। তবে বিয়ের পর থেকেই বিরাজ আলী বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন। একপর্যায়ে স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এরপর দুলালী বেগম বাবার বাড়িতে বসবাস শুরু করেন এবং জীবিকার তাগিদে স্থানীয় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ নেন।
২০০৭ সালের ১৪ মে রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুলালী বেগমের পথরোধ করেন বিরাজ আলী ও তার কয়েকজন সহযোগী। তারা জোরপূর্বক তাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দুলালী যেতে অস্বীকৃতি জানালে বিরাজ আলী ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়িভাবে আঘাত করেন।
দুলালীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার পর দুলালী বেগমের মামা শহিদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন