বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুষম সার ব্যবহারে ‘খামারি অ্যাপ’, মোহনপুরে কৃষকদের উঠান বৈঠক

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগে কৃষকদের সচেতন করার উদ্যোগ

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

ফসলের চাহিদা অনুযায়ী সুষম মাত্রায় সার ব্যবহার এবং মাটির স্বাস্থ্য ও উর্বরতা সুরক্ষায় ‘খামারি অ্যাপ’-এর ব্যবহার নিয়ে রাজশাহীর মোহনপুরে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জাহানাবাদ ইউনিয়নের তশোপাড়া ও নওনগর গ্রামের কৃষকদের নিয়ে এ বৈঠকের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), মোহনপুর।

বৈঠকে কৃষকদের সুষম সার ব্যবহারের গুরুত্ব এবং জমির মাটির বৈশিষ্ট্য ও ফসলের প্রয়োজন বিবেচনায় সার প্রয়োগের বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি ‘খামারি অ্যাপ’ ব্যবহার করে প্রয়োজনীয় কৃষি তথ্য ও পরামর্শ পাওয়ার বিষয়েও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন।

এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহা. আব্দুল মতিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা খাদিজাতুজ্জোহরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তারা বলেন, মাত্রাতিরিক্ত বা অপরিকল্পিত সার ব্যবহার একদিকে যেমন উৎপাদন ব্যয় বাড়াতে পারে, অন্যদিকে দীর্ঘমেয়াদে মাটির গুণাগুণ ও স্বাস্থ্যেও বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী সুষম সার প্রয়োগ এবং প্রযুক্তিনির্ভর কৃষি পরামর্শ গ্রহণে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

উঠান বৈঠকে স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশ নেন এবং সার ব্যবস্থাপনা ও আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন