শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নারী নির্যাতনসহ সব অপরাধ মুছে দেওয়ার অঙ্গীকার রিজভীর

সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমূলে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন রিজভী। তিনি বলেন, নারীর সার্বিক নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে তিনি একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি তৃণমূল পর্যায়ে সফলভাবে পৌঁছে দিতে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে সক্রিয় থাকারও আহ্বান জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।’

নারীর নেতৃত্ব ও রাষ্ট্রকাঠামো বিনির্মাণে মহিলা দলের নেতাকর্মীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারে মহিলা দলেরও রক্ত-ঘাম আছে। আপনারাও এই সরকারের অংশ।’

দেশে নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, ‘আজকে তো আর নুসরাতরা খুন হয় না, রুপারা খুন হয় না, আজকে খাদিজা, তনু, মিতু এরা তো আর খুন হয় না; নির্যাতনের শিকার হয় না এবং কোনো সরকারি দলের কোনো নেতাকর্মী এই ধরনের অপকর্মের সঙ্গে কেউ জড়িত নয়। এখন সে ধরনের কোনো সংবাদ নেই।’

সমাবেশ থেকে নারীর অবস্থান শক্তিশালী করা এবং সামাজিক সুরক্ষার বলয় আরও সুসংহত করতে মহিলা দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান রিজভী।

তিনি বলেন, নারীর নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার যেসব কর্মসূচি বাস্তবায়ন করছে, সেগুলোর বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে মহিলা দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে মাঠে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের বার্তা তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন