রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক, এপিবিএন বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পরীক্ষা-নিরীক্ষা শেষে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীন সভাপতিত্ব করেন।

বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটি জাতীয় সংসদে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি বিরোধী দলের সংসদ সদস্যদের মূল্যবান মতামত ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে বিল প্রণয়ন ও পর্যালোচনার কাজে সম্পৃক্ত সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচিত এপিবিএন বিলটি সংসদে উপস্থাপনের পর পরবর্তী আইন প্রণয়ন প্রক্রিয়া এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন