শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন দাবিতে ঢাকায় সমাবেশ, চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লং মার্চ

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এ সময় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

সমাবেশে নেতারা গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি জানান।

লং মার্চের বহরের জন্য পূর্বনির্ধারিত বিভিন্ন স্থানে পথসভার আয়োজন করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লং মার্চের শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি চট্টগ্রামে গিয়ে শেষ হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন