শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শীতলক্ষ্যায় দাদার সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে দাদার সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ ফাহাদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় ফাহাদকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহাদের দাদা মোহাম্মদ জাহাঙ্গীর জানান, দুপুরে তিনি নাতি ফাহাদকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। দুজনই নদীর পানিতে থাকা অবস্থায় হঠাৎ স্রোতের টানে ফাহাদ তাঁর হাত থেকে ছুটে পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, ফাহাদকে উদ্ধারের জন্য তিনি অনেক চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারেননি। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে ফাহাদকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফাহাদ ডেমরার সারুলিয়া এলাকার মোহাম্মদ ফারুক মিয়ার ছেলে।

নাতিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন দাদা জাহাঙ্গীর। তিনি বলেন, “আমি আমার নিজের হাতে আমার নাতিকে মেরে ফেললাম ভাই।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন