মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ১,২৪৬ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় সোমবার (১০ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানার দুর্গাপুর পশ্চিমচালা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪৬ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. সালাউদ্দিন (২৬), পিতা মো. মাদার আলী এবং মো. সাজু হোসেন (২৯), পিতা মৃত ইব্রাহিম।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ৪৬ পিস ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৬ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানার মধ্য শ্যামপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—ফারুক হাসান (৪০), পিতা জজ মিয়া এবং মো. আলী হোসেন (৪৬), পিতা মৃত মুনসুর আলী।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ অভিযানে মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

দুটি অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১ হাজার ২৪৬ পিস। এর আনুমানিক মোট মূল্য ৩ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন