রবিবার, ৯ আগস্ট ২০২৬

বাড়তে পারে PC মাদারবোর্ডের দাম, পেছনে AI ডেটা সেন্টারের চাপ

RAM ও SSD-এর পর এবার মাদারবোর্ডেও মূল্যবৃদ্ধির আশঙ্কা


বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারী, গেমার ও PC নির্মাতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাজারে মাদারবোর্ডের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে—এমন একটি সরবরাহব্যবস্থা-সংক্রান্ত প্রতিবেদনের খবর ছড়িয়ে পড়েছে প্রযুক্তি মহলে।

চীনা একটি অনলাইন ফোরামে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি ওয়েবসাইট জানিয়েছে, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে ASUS, Gigabyte ও MSI-এর মতো বড় মাদারবোর্ড নির্মাতারা ভবিষ্যতে পণ্যের দাম বাড়ানোর পথে যেতে পারে। সংশ্লিষ্ট প্রতিবেদনে উৎপাদন উপকরণের ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ার আশঙ্কার কথা বলা হয়েছে।

মূল চীনা পোস্টটি বর্তমানে সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে বিভিন্ন প্রযুক্তি সাইটে প্রকাশিত স্ক্রিনশট ও প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কেন বাড়তে পারে দাম?

বিশ্লেষকদের মতে, মাদারবোর্ডের সম্ভাব্য মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হলো বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ।

AI মডেল পরিচালনার জন্য বড় বড় ডেটা সেন্টারে বিপুল পরিমাণ মেমোরি, স্টোরেজ ও অন্যান্য ইলেকট্রনিক উপাদানের প্রয়োজন হচ্ছে। ফলে এসব উপকরণের ওপর চাপ বাড়ছে এবং সরবরাহব্যবস্থায় তৈরি হচ্ছে সংকট।

মাদারবোর্ড উৎপাদনে ব্যবহৃত কপারসহ বিভিন্ন কাঁচামালের সরবরাহ নিয়েও উদ্বেগ রয়েছে। পাশাপাশি ইলেকট্রনিকস উৎপাদনে প্রয়োজনীয় কিছু রাসায়নিকের সরবরাহও ভূরাজনৈতিক অস্থিরতা ও পরিবহন সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন।

ইলেকট্রনিকস ডিজাইন ও উৎপাদন প্রতিষ্ঠান Thomas Instrumentation-এর প্রধান নির্বাহী ক্যাসান্দ্রা কামিংসের মতে, মাদারবোর্ড তৈরিতে মেমোরি চিপ ও কপারের মতো উপকরণ অপরিহার্য। ফলে এসব কাঁচামালের বাজারে মূল্য বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত মাদারবোর্ডের দামেও পড়বে।

ভূরাজনৈতিক সংকটেও বাড়ছে চাপ

মধ্যপ্রাচ্যের সংঘাতও বৈশ্বিক প্রযুক্তি সরবরাহব্যবস্থায় বাড়তি চাপ তৈরি করছে বলে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন।

কিছু কারখানা ক্ষতিগ্রস্ত হওয়া, উৎপাদন ও পরিবহন কার্যক্রমে বিঘ্ন এবং আন্তর্জাতিক শিপিং ব্যবস্থায় অনিশ্চয়তার কারণে ইলেকট্রনিকস শিল্পে ব্যবহৃত নির্দিষ্ট রাসায়নিক ও উপকরণের সরবরাহ কমে যেতে পারে।

এর ফলে উৎপাদন খরচ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সাধারণ PC নির্মাতাদের চেয়ে বড় কোম্পানির সুবিধা বেশি

সম্ভাব্য মূল্যবৃদ্ধির ক্ষেত্রে বড় PC নির্মাতাদের তুলনায় ব্যক্তিগতভাবে PC তৈরি বা আপগ্রেড করা ব্যবহারকারীরা বেশি চাপের মুখে পড়তে পারেন।

Dell ও Apple-এর মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান বিপুল পরিমাণে যন্ত্রাংশ কেনার কারণে সরবরাহকারীদের কাছ থেকে তুলনামূলক ভালো দামে উপকরণ সংগ্রহের সুবিধা পেতে পারে। অনেক প্রতিষ্ঠান সম্ভাব্য মূল্যবৃদ্ধির আগেই প্রয়োজনীয় উপাদান মজুতও করে রাখতে পারে।

অন্যদিকে একজন সাধারণ PC নির্মাতা বা গেমারকে বাজারদরেই প্রয়োজনীয় মাদারবোর্ড ও অন্যান্য উপকরণ কিনতে হবে।

Quandary Peak Research-এর সিনিয়র ডিরেক্টর জোশুয়া গোশর্ন মনে করেন, মাদারবোর্ডের দাম বাড়ার সম্ভাবনার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তবে তাঁর ধারণা, মাদারবোর্ডের দাম বাড়লেও তা RAM ও হার্ডড্রাইভের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির মতো অতটা বড় নাও হতে পারে।

RAM ও SSD-এর পর নতুন উদ্বেগ

গত এক বছরে PC ব্যবহারকারীরা ইতোমধ্যেই RAM ও স্টোরেজের দাম বাড়ার চাপ অনুভব করেছেন। AI ডেটা সেন্টারের ক্রমবর্ধমান চাহিদা এবং সরবরাহ সংকটের কারণে মেমোরি ও স্টোরেজ উপকরণের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

এর প্রভাব হার্ডড্রাইভ ও SSD-এর খুচরা দামেও পড়েছে। এখন যদি মাদারবোর্ডের দামও বাড়তে শুরু করে, তাহলে নতুন PC তৈরি কিংবা পুরোনো কম্পিউটার আপগ্রেড—দুই ক্ষেত্রেই ব্যবহারকারীদের মোট খরচ আরও বেড়ে যেতে পারে।

এখনই আপগ্রেড করা কি যুক্তিযুক্ত?

মাদারবোর্ডের দাম এখনই ব্যাপকভাবে বেড়ে গেছে—এমন নিশ্চিত তথ্য নেই। তবে PC হার্ডওয়্যার বাজারে সরবরাহব্যবস্থার চাপ অব্যাহত থাকলে ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কাস্টম PC নির্মাতা প্রতিষ্ঠান Maingear-এর প্রধান নির্বাহী ওয়ালেস সান্তোস বলেন, মেমোরি ও স্টোরেজের তুলনায় মাদারবোর্ডের দাম এখন পর্যন্ত তুলনামূলক স্থিতিশীল রয়েছে। তবে যারা PC আপগ্রেড করার পরিকল্পনা করছেন, বাজার পরিস্থিতি বিবেচনায় তারা খুব বেশি দেরি না করাই ভালো বলে তিনি মনে করেন।

বিশ্লেষকদের মতে, আগামী কয়েক মাসে মাদারবোর্ডের বাজারে কী ধরনের পরিবর্তন আসে তা অনেকটাই নির্ভর করবে AI ডেটা সেন্টারের চাহিদা, কাঁচামালের সরবরাহ, উৎপাদন ব্যয় এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার স্থিতিশীলতার ওপর।

অর্থাৎ, PC গেমার ও DIY নির্মাতাদের জন্য আপাতত সবচেয়ে বড় প্রশ্ন হলো—RAM ও SSD-এর পর মাদারবোর্ডও কি পরবর্তী ব্যয়বহুল উপাদানে পরিণত হতে যাচ্ছে?


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন