অনুসরণ করুন:
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

স্ক্রিন ছাড়াই অ্যাপলের নতুন ফিটনেস ব্যান্ড, প্রতিদ্বন্দ্বী হতে পারে Whoop-এর

স্মার্টওয়াচের পর এবার ডিসপ্লেবিহীন ফিটনেস ট্র্যাকার বাজারে প্রবেশের সম্ভাবনা যাচাই করছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটি এমন একটি নতুন পরিধানযোগ্য ডিভাইস নিয়ে কাজ করছে, যা সরাসরি জনপ্রিয় ফিটনেস ব্যান্ড নির্মাতা Whoop-এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে বলা হয়েছে, অ্যাপল বর্তমানে ডিভাইসটি নিয়ে প্রাথমিক পর্যায়ের ‘টেকনোলজি ইনভেস্টিগেশন’ চালাচ্ছে। এরই মধ্যে কয়েকটি প্রোটোটাইপও তৈরি করা হয়েছে। তবে পণ্যটি বাণিজ্যিকভাবে বাজারে আনা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রতিষ্ঠানটি।

কেমন হতে পারে নতুন ডিভাইস

প্রতিবেদন অনুযায়ী, প্রোটোটাইপটির নকশা অনেকটাই সাধারণ একটি ব্যান্ডের মতো। পাতলা কাপড়ের ব্যান্ডের সঙ্গে থাকবে বিভিন্ন সেন্সরযুক্ত একটি কম্পিউটিং মডিউল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এতে প্রচলিত স্মার্টওয়াচের মতো কোনো স্ক্রিন থাকবে না।

এ ধরনের নকশা Whoop-এর ডিভাইসের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। Whoop-এর স্ক্রিনবিহীন ব্যান্ড ব্যবহারকারীর ঘুম, রিকভারি, হার্ট রেট ভ্যারিয়েবিলিটিসহ বিভিন্ন স্বাস্থ্য ও ফিটনেস সূচক পর্যবেক্ষণ করে।

Apple Watch থাকার পরও নতুন ব্যান্ড কেন?

অ্যাপলের হাতে ইতোমধ্যে Apple Watch-এর মতো শক্তিশালী স্বাস্থ্য ও ফিটনেস প্ল্যাটফর্ম রয়েছে। তবে স্ক্রিনবিহীন ডিভাইসের বাজার আলাদাভাবে বাড়ছে। যারা নোটিফিকেশন বা স্ক্রিনের ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় শরীরের বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করতে চান, তাদের কাছে এ ধরনের ডিভাইসের চাহিদা তৈরি হয়েছে।

এই বাজারে Whoop ছাড়াও প্রতিযোগিতা বাড়ছে। Google চলতি বছর স্ক্রিনবিহীন Fitbit Air উন্মোচন করেছে, যাতে ২৪ ঘণ্টা হার্ট রেট পর্যবেক্ষণ, হার্ট রিদম, রক্তে অক্সিজেনের মাত্রা, HRV ও ঘুম পর্যবেক্ষণের মতো সুবিধা রয়েছে।

২০২৮ সালের আগে আসছে না

অ্যাপলের সম্ভাব্য ফিটনেস ব্যান্ডটি এখনো গবেষণা ও প্রোটোটাইপ পর্যায়ে থাকায় এর বাণিজ্যিক উৎপাদন নিশ্চিত নয়। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, অ্যাপল প্রকল্পটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও ডিভাইসটি ২০২৮ সালের আগে বাজারে আসার সম্ভাবনা নেই।

এদিকে স্ক্রিনবিহীন ফিটনেস ট্র্যাকার বাজারে Whoop ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে। চলতি বছরের মার্চে ৫৭৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ সংগ্রহের পর প্রতিষ্ঠানটির মূল্যায়ন দাঁড়ায় প্রায় ১০.১ বিলিয়ন ডলার। সে সময় Whoop জানিয়েছিল, তাদের সদস্যসংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে।

অ্যাপল শেষ পর্যন্ত নতুন ডিভাইসটি বাজারে আনলে Apple Watch-এর পাশাপাশি স্ক্রিনবিহীন স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিং বাজারেও প্রতিষ্ঠানটির জন্য নতুন একটি পণ্যশ্রেণি তৈরি হতে পারে। তবে প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে থাকায় এর চূড়ান্ত নকশা, ফিচার, দাম কিংবা বাজারে আসার সময়সূচি এখনো নিশ্চিত নয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন