অনুসরণ করুন:
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রমনায় ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু; পুলিশের দাবি, পালাতে গিয়ে আটতলা থেকে পড়ে আহত হয়ে প্রাণহানি

রাজধানীর রমনা এলাকার সিদ্ধেশ্বরী রোডে একটি আবাসিক ভবনে পুলিশের অভিযানের সময় ওয়ারেন্টভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে ভবনের পেছনের দিক দিয়ে পালানোর চেষ্টা করার সময় তিনি আটতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নজরুল ইসলাম (৫৫)। তিনি সিদ্ধেশ্বরী রোডের র‍্যাংস গার্ডেন প্যালেসের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানান, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একটি ওয়ারেন্ট কার্যকর করতে পুলিশ নজরুল ইসলামের বাসায় যায়। এ সময় তিনি ভবনের পেছনের দিক দিয়ে পালানোর চেষ্টা করলে আটতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর কারণ ও ঘটনার অন্যান্য দিক সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন