অনুসরণ করুন:
রবিবার, ২ আগস্ট ২০২৬

সরকার-ব্যবসায়ীর সমন্বিত উদ্যোগে ৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর

সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংলাপ এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে দীর্ঘ মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। প্রায় চার ঘণ্টাব্যাপী এ বৈঠকে দেশের বিনিয়োগ পরিবেশ, শিল্পায়ন, ব্যবসায়িক প্রতিবন্ধকতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি স্বীকার করেন, অর্থনীতির বিভিন্ন খাতে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে সরকার ও ব্যবসায়ী সমাজ একযোগে কাজ করলে এসব সমস্যা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে।

তিনি জানান, ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শুনে সমাধানের উদ্যোগ নেওয়াকে সরকার গুরুত্ব দিচ্ছে। এর আগে অনুষ্ঠিত বৈঠকগুলোতে উত্থাপিত বিভিন্ন সমস্যার উল্লেখযোগ্য অংশের সমাধান করা হয়েছে এবং সর্বশেষ বৈঠকেও নতুন যেসব বিষয় উঠে এসেছে, সেগুলো নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার নিয়মিতভাবে উদ্যোক্তাদের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায়। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও এ ধরনের বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, ধারাবাহিক আলোচনার মাধ্যমে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করা এবং কার্যকর সমাধান বের করা সহজ হয়।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা সহজ শর্তে ঋণপ্রাপ্তি, নীতিগত সহায়তা, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং আরও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করে সেগুলোর ধারাবাহিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে জানানো হয়, আগের সংলাপে উত্থাপিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট বিষয়গুলোও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।

আলোচনায় ২০৩০ সালের মধ্যে দেশের বার্ষিক রপ্তানি আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি সম্ভাব্য রূপরেখাও উপস্থাপন করেন উদ্যোক্তারা। এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থান ব্যক্ত করে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শিল্প ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন