অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন ফিচার, আইপ্যাডে সরাসরি অ্যাকাউন্ট খোলা যাবে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে একসঙ্গে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে। নতুন আপডেটের মাধ্যমে অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটোর সঙ্গে সমন্বয় আরও উন্নত হয়েছে। পাশাপাশি আইপ্যাড থেকে সরাসরি অ্যাকাউন্ট নিবন্ধন, স্ট্যাটাসে গান শেয়ার এবং অ্যাপের ভেতরেই পিডিএফ ফাইল খোলা ও সহজ সম্পাদনার সুবিধাও যুক্ত হয়েছে।

নতুন আপডেটে অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীরা শুধু বার্তা পাঠানো বা কল করার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। এখন তারা গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম থেকেই বার্তা শুনতে ও উত্তর দিতে, কল হিস্ট্রি দেখতে এবং প্রিয় কনট্যাক্টে দ্রুত প্রবেশ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গত বছর আইপ্যাড অ্যাপ চালুর পর অনেক ব্যবহারকারী ফোনের সঙ্গে সংযুক্ত না করে সরাসরি আইপ্যাডে অ্যাকাউন্ট খোলার সুযোগ চেয়েছিলেন। নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা এখন আইপ্যাড থেকেই নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধনের সময় একটি বৈধ ফোন নম্বর এবং একবার ব্যবহারযোগ্য (ওটিপি) যাচাইকরণ কোড গ্রহণের সুযোগ থাকতে হবে। যাচাই সম্পন্ন হওয়ার পর আইপ্যাডে অ্যাকাউন্টটি স্বতন্ত্রভাবে ব্যবহার করা যাবে।

এ ছাড়া ব্যবহারকারীরা এখন অ্যাপল মিউজিক বা স্পটিফাই থেকে পছন্দের গান সরাসরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে স্ট্যাটাস আরও ব্যক্তিগত ও আকর্ষণীয়ভাবে প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডকুমেন্ট ব্যবস্থাপনাতেও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। এখন ওয়েব ও ডেস্কটপ সংস্করণে পিডিএফ ফাইল আলাদা করে ডাউনলোড না করেই অ্যাপের ভেতরে খোলা যাবে। একই সঙ্গে ফাইলের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করা বা সংক্ষিপ্ত মন্তব্য (অ্যানোটেশন) যোগ করার মতো প্রাথমিক সম্পাদনার সুবিধাও পাওয়া যাবে।

সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এর আগে ব্যবহারকারীদের ফোন নম্বর প্রকাশ না করেই প্রোফাইল শেয়ার করার জন্য ইউজারনেম সুবিধা চালু করা হয়। এছাড়া চলতি বছরের মে মাসে হোয়াটসঅ্যাপ প্লাস নামে একটি সাবস্ক্রিপশন সেবাও চালু করা হয়েছে, যেখানে প্রোফাইল কাস্টমাইজেশন, অতিরিক্ত রিঅ্যাকশন, স্ট্যাটাস–সংক্রান্ত উন্নত তথ্যসহ বিভিন্ন বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এসব নতুন সুবিধা হোয়াটসঅ্যাপকে শুধু একটি মোবাইল মেসেজিং অ্যাপ নয়, বরং বিভিন্ন ডিভাইসে সমন্বিত যোগাযোগের একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন