একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার এবং স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের আপিল শুনানি ১১ বছর পর শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবারক হোসেনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেন। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ একাধিক অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ শাস্তি দেন ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার পর মোবারক হোসেন আপিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১১ বছর পর আজ থেকে তার আপিলের শুনানি শুরু হলো।
শুনানিতে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আদালত মামলার নথিপত্র উপস্থাপন এবং সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করবেন।
মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাজাকার কমান্ডার ছিলেন। এছাড়া তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাও ছিলেন, তবে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

