দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৪১১ জন শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার (৫ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুরই মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
নতুন আক্রান্তদের মধ্যে ২৪৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত করা হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন নতুন রোগীর সংখ্যা এক হাজার ১৬৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। বাকি ৫১৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে পরীক্ষায় নয় হাজার ৫০৩ জনের হাম শনাক্ত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তদের মধ্যে মোট ৬২ হাজার ২৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ হাজার ১৫৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে রোগটির বিস্তার ও মৃত্যুহার কমানো সম্ভব। এ কারণে অভিভাবকদের শিশুদের টিকাদান সম্পন্ন করার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

