অনুসরণ করুন:
সোমবার, ১ জুন ২০২৬

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মোট ১৬টি স্থানে পর্যায়ক্রমে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন এবং ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, বিকেলে ধানমন্ডি এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি বাসভবনে ফিরে যান।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

একই দিন সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এদিকে সন্ধ্যায় রাজধানীর গুলশান অ্যাভিনিউ এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবনে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং ঘনিষ্ঠজনরা অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-র পরিবারের সদস্যদের মধ্যে শামীম এস্কান্দার ও সেলিমা ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরাও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন