অনুসরণ করুন:
সোমবার, ৪ মে ২০২৬

দুদকের মামলায় মায়ার আয়কর নথি জব্দের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ২০০৯-১০ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত সময়ে তিনি ১ কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ করা হয়।

এছাড়া তার নিজ নামীয় ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে ৫১০ কোটি ৩৭ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্যও তদন্তে উঠে এসেছে বলে জানানো হয়।

আবেদনে আরও বলা হয়, আসামি একজন আয়করদাতা হওয়ায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার মূল আয়কর নথি, স্থায়ী অংশ ও বিবিধ তথ্যসহ সংশ্লিষ্ট সব রেকর্ড জব্দ করা জরুরি।

উল্লেখ্য, এ ঘটনায় ইতোমধ্যে দুদক একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন