শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আনসার ও ভিডিপি মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

গত ২১ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এম. রশিদুজ্জামান মিল্লাত।

সাক্ষাৎকালে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে।

মন্ত্রী দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় আনসার সদস্যদের নিবেদিত ও পেশাদার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় আনসার ও ভিডিপি মহাপরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের মোতায়েন ও সমন্বয়সংক্রান্ত গৃহীত প্রস্তুতিমূলক পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে মন্ত্রণালয় ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দেশ ও মানুষের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি ‘সবার আগে বাংলাদেশ’—এই অঙ্গীকারে উজ্জীবিত হয়ে জাতীয় স্বার্থে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন