বুধবার, ১২ আগস্ট ২০২৬

রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১টা থেকে ২টার মধ্যে কয়েকজন দুর্বৃত্ত নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের ‘রূপসা ব্রিকস’ নামের একটি ইটভাটায় প্রবেশ করে। এ সময় তারা ফখরুল শেখকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিতে গুরুতর আহত ফখরুলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, ফখরুল আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এদিকে, ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে হত্যার ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হত্যায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন