অনুসরণ করুন:
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের (নির্বাচন কর্মকর্তা) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা।

নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার সময় সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩) অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা গ্রহণ করেছে। তফসিল প্রকাশের পর এখন নির্বাচন-সংক্রান্ত অবশিষ্ট প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট সব প্রস্তুতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে নেওয়া হচ্ছে বলেও নির্বাচন কমিশন জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন