অনুসরণ করুন:
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

সোমবার রাজধানীর গুলশান সোসাইটি পার্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট সোসাইটিগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর সবুজায়ন, পরিচ্ছন্নতা এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে এসব উদ্যোগের সফলতা অনেকাংশে নির্ভর করবে নাগরিকদের অংশগ্রহণ, সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের ওপর।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন সোসাইটির প্রতিনিধিদের উত্থাপিত সমস্যা ও সুপারিশের বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও জানান তিনি। বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে পর্যায়ক্রমে এসব এলাকার স্যুয়ারেজ নেটওয়ার্ককে দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)-এর সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

উন্মুক্ত আলোচনায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্যানিটেশন ব্যবস্থা এবং নাগরিক সেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তারা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন), বারিধারা সোসাইটির সভাপতি সাকিফ আরিফ তাবানী, নিকেতন সোসাইটির সভাপতি ডা. মো. আবুল বাশার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) প্রযুক্তি, পয়ঃবর্জ্য পরিশোধন ব্যবস্থা এবং নগর বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন