অনুসরণ করুন:
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বৈশ্বিক মেমোরি সংকটে সরবরাহ চাপে অ্যাপলের ম্যাকবুক এয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে মেমোরি চিপের চাহিদা দ্রুত বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী মেমোরি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব এবার অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ ম্যাকবুক এয়ার-এর সরবরাহেও পড়তে শুরু করেছে।

ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক সাংবাদিক মার্ক গুরম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, এআই অবকাঠামোতে ব্যবহৃত উচ্চক্ষমতার মেমোরি চিপের বাড়তি চাহিদার কারণে অ্যাপলের পণ্যের সরবরাহ ব্যবস্থা চাপে পড়েছে। এর আগে এই সংকটের প্রভাব ম্যাক মিনিম্যাক স্টুডিও-র মতো তুলনামূলক কম জনপ্রিয় কম্পিউটারে দেখা গেলেও এখন ম্যাকবুক এয়ারের ক্ষেত্রেও সরবরাহ সীমিত হয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন খুচরা বিক্রেতা জানিয়েছেন, আগের তুলনায় ম্যাকবুক এয়ারের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন ম্যাকবুক এয়ার অর্ডার করলে অনেক ক্ষেত্রে আগস্টের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কিছু নির্দিষ্ট কনফিগারেশনের ক্ষেত্রে সরবরাহ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে যাচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে অ্যাপল একাধিক পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কিছু মডেলের দাম বাড়ানো এবং বিকল্প উৎস থেকে মেমোরি সংগ্রহের উদ্যোগ। পাশাপাশি প্রতিষ্ঠানটি চীনা সরবরাহকারীদের কাছ থেকেও মেমোরি চিপ সংগ্রহের চেষ্টা করছে।

এদিকে সরবরাহ সংকটের কারণে অ্যাপল তাদের বার্ষিক ‘ব্যাক-টু-স্কুল’ প্রচারণাও নির্ধারিত সময়ের তুলনায় পরে শুরু করেছে। চলতি বছরের প্রচারণায় আগের মতো ম্যাকবুক এয়ারকে অগ্রাধিকার না দিয়ে বরং বেস মডেলের ম্যাকবুক প্রো-কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি প্রচারণামূলক উপকরণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে— “MacBook Air subject to availability”, অর্থাৎ পণ্যটির প্রাপ্যতা বিদ্যমান মজুদের ওপর নির্ভরশীল।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক মেমোরি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যাকবুক এয়ারের কিছু সংস্করণের সরবরাহে চাপ অব্যাহত থাকতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন