অনুসরণ করুন:
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শাপলা চত্বর মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার গ্রেপ্তারের পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, জহিরুল আমিন, তারেক আবদুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমরান ভূইয়া।

এর আগে, গত ২৭ জুলাই একই ট্রাইব্যুনাল শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন। একই আদেশে অন্য মামলায় আটক থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য রয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৎকালীন সরকারের কয়েকজন মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, সাবেক ঊর্ধ্বতন পুলিশ ও র‌্যাব কর্মকর্তা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তি। মামলার তদন্তে দীর্ঘ সময় ধরে তথ্য-প্রমাণ সংগ্রহের পর তদন্ত সংস্থা একটি খসড়া প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। পর্যালোচনা শেষে সেই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

চিফ প্রসিকিউটরের কার্যালয়ের দাবি, তদন্তে এ পর্যন্ত ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে।

তবে মামলাটি বর্তমানে বিচারাধীন। ফলে অভিযোগগুলো এখনো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন