অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্তে রাজউক, গণপূর্ত ও ডিএনসিসির সমন্বিত কমিটি গঠনের ঘোষণা

রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে দুইজনের প্রাণহানির ঘটনায় রাজউক, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের পাশাপাশি দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসিসি।

মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, এমন মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত এবং কোনোভাবেই এ ধরনের প্রাণহানি গ্রহণযোগ্য নয়।

প্রশাসকের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের তথ্যে ধারণা করা হচ্ছে, ২০১৪ সালে নির্মিত দেয়ালটিতে প্রয়োজনীয় নির্মাণমান অনুসরণ করা হয়নি। বিশেষ করে, আরসিসি কাঠামোর পরিবর্তে ইটের গাঁথুনিনির্ভর নির্মাণ হওয়ায় দেয়ালটির স্থায়িত্ব ও নিরাপত্তা দুর্বল হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই জানা যাবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট দেয়ালগুলোর নিরাপত্তা যাচাই এবং প্রয়োজনীয় শক্তিশালীকরণের উদ্যোগ নেওয়া হবে।

দুর্ঘটনায় আহতদের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসি প্রশাসক বলেন, তাদের আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।

এ সময় স্থানীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও সাতজন আহত হন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত কার্যক্রম শুরু করতে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন