প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতারা। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সম্ভাবনা এবং খাতটির বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকে বিটিএমএর নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয়ে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি খাতটির সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা এবং সম্ভাব্য সমাধানের লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।
সাক্ষাতে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়াসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলামও বৈঠকে অংশ নেন।

