শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীকে মারধর: শাবিপ্রবিতে দুই নেতা চার সেমিস্টারের জন্য বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামী দুই বছর তাদের ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক তারেক রহমান। তারা দুজনই শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী।

অধ্যাপক জহির বিন আলম জানান, বহিষ্কারের মেয়াদ শেষে তারা নিয়মিত শিক্ষার্থী হিসেবে একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারলেও আবাসিক হলের সুবিধা আর পাবেন না।

এদিকে, হামলার শিকার সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকারের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, শাহপরাণ হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ জানানোর পর শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খাইরুল খন্দকারকে মারধরের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত দুই নেতাকে দলীয় পদ থেকেও বহিষ্কার করে ছাত্রদল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন