জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে এবং কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার সিলেট জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের তদারকির সুযোগ রয়েছে এবং বাজার পরিস্থিতি নিয়মিত নজরদারিতে রাখা হবে। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে যে মূল্যস্ফীতি তৈরি হয়েছে তা সাময়িক। তবে দীর্ঘমেয়াদে পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি জরুরি বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, “পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। অন্যথায় সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।”
এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই রাখা হয়েছে।
তিনি বলেন, “চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে।”

