বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়

‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’—এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার এক প্রতিবাদ লিপিতে মন্ত্রণালয় জানায়, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি বা প্রতিনিধির কোনো রেকর্ড নেই। মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে, তার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।”

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় শ্রদ্ধাশীল হলেও, রাষ্ট্রীয় সংস্থার নাম জড়িয়ে সংবাদ পরিবেশনের আগে যথাযথ তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় গণমাধ্যমসমূহকে দায়িত্বশীল ও পেশাদার আচরণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানায়।

উল্লেখ্য, গতকাল কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, চাঁদাবাজির অভিযোগে আটক এক ব্যক্তির পরিচয়ে তিনি ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’ বলে উল্লেখ করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে—এই পরিচয়ের কোনো ভিত্তি নেই, এবং এর সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংযোগ নেই।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন