শনিবার, ২৮ মার্চ ২০২৬

নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকার নতুনবাজার এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। উপাচার্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ৪০ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে আজ শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে অবস্থান নেন। ফলে ওই রুটে যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা মূলত দুটি দাবিতে এই ব্লকেড কর্মসূচি পালন করছেন—

১. আন্দোলনে অংশ নেওয়ায় যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, তাদের বহিষ্কারাদেশ নিঃশর্তে প্রত্যাহার।

২. বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থবিরতা নিরসন করে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করা।

সড়ক অবরোধ ঘিরে এলাকা জুড়ে দেখা গেছে ব্যাপক যানজট। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান বলেন, “আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি যাতে তারা সড়ক ছেড়ে পাশে অবস্থান নেয়। তারা আশ্বাস দিয়েছেন কিছু সময় পর সরে যাবেন।”

ইউআইইউ সূত্রে জানা যায়, গত ২৬ ও ২৭ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হয়, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন এবং সরাসরি ক্লাস চালুর পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, দীর্ঘদিনের ১৩ দফা যৌক্তিক দাবি উপেক্ষা করে প্রশাসন বরং দমননীতির আশ্রয় নিয়েছে। তারই ধারাবাহিকতায় গত ২ জুন ৪১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে ২৪ জনকে স্থায়ী বহিষ্কার, ১৬ জনকে সাময়িক বহিষ্কার এবং একজনকে সতর্কবার্তা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন