রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুদকের কুমিল্লা অঞ্চলের পাঁচ সদস্যের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বিভিন্ন বিভাগে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হাসপাতালের ফার্মেসি, মেডিসিন স্টোর ও প্যাথলজি বিভাগের স্টোর পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি চিকিৎসকদের দায়িত্ব পালন এবং হাজিরার বিষয়টিও খতিয়ে দেখা হয়।

প্রাথমিক অনুসন্ধানে প্যাথলজি স্টোরে হেপাটাইটিস বি রোগীর শারীরিক অবস্থা নির্ণয়ের পরীক্ষার কিট বা রিএজেন্টের হিসাবে গরমিল পাওয়া যায়। সেখানে ১ হাজার ২৫০টি কিট থাকার কথা থাকলেও পাওয়া গেছে মাত্র ৩৯২টি। বাকি ৮৫৮টি কিটের হিসাব দিতে পারেননি সংশ্লিষ্ট প্যাথলজিস্ট মো. রেজাউল করিম।

দুদক কর্মকর্তারা জানান, অনুসন্ধানে কিটের হিসাবের এই গরমিল ধরা পড়েছে।

অভিযানকালে চিকিৎসকদের হাসপাতালে আসা-যাওয়ার হাজিরা নিয়েও অনিয়মের বিষয়টি উঠে আসে। চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার নিয়ম থাকলেও বেশিরভাগ চিকিৎসক তা মানছেন না বলে দুদক কর্মকর্তারা জানান।

পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে বৈঠক করে অভিযানে পাওয়া অনিয়মের বিষয়গুলো তুলে ধরেন দুদক কর্মকর্তারা। তাঁদের দাবি, হাসপাতালের তত্ত্বাবধায়ক গুরুতর অনিয়মের অভিযোগগুলো স্বীকার করেছেন।

দুদক কর্মকর্তারা আরও জানান, এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কমিশনারের কাছে প্রতিবেদন পাঠানো হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন