রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

তিন দশকে শিক্ষার প্রসারে বাংলাদেশের বড় অগ্রগতি: ইউনেস্কো

গত তিন দশকে শিক্ষা ব্যবস্থার প্রসারে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।

সংস্থাটির ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঝরে পড়ার হার হ্রাস, জেন্ডার সমতা অর্জন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিস্তারে বাংলাদেশ বড় সাফল্য দেখিয়েছে।

তবে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষায় অগ্রগতি হলেও উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার বৃদ্ধি এবং সামগ্রিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আরও মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

‘অ্যাকসেস অ্যান্ড ইক্যুইটি: কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তরকে বিশেষ ‘কান্ট্রি কেস স্টাডি’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অর্জনে বিশ্ব সামগ্রিকভাবে পিছিয়ে থাকলেও মৌলিক শিক্ষার প্রসারে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য দেখিয়েছে।

ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ছিল ৩৪ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে ৯০ শতাংশে উন্নীত হয়েছে, যা বৈশ্বিক গড় ৮৮ শতাংশের চেয়েও বেশি। একই সময়ে নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ২৩ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা সমাপ্তির বার্ষিক প্রবৃদ্ধির হার সময়ের সঙ্গে কিছুটা কমেছে। ১৯৯০-এর দশকে এ হার ছিল বছরে ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে তা কমে ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর থেকে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট হয়েছে।

অন্যদিকে, নিম্নমাধ্যমিক পর্যায়ে শিক্ষা সমাপ্তির প্রবৃদ্ধির গতি ক্রমেই বেড়েছে। ১৯৯০-এর দশকে বছরে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট হারে বাড়লেও ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে তা ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর থেকে ১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্টে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক স্তরে বাংলাদেশের অগ্রগতি মূলত সাম্প্রতিক বছরগুলোতে দৃশ্যমান হয়েছে। ১৯৯০-এর দশকে এ স্তরে শিক্ষা সমাপ্তির প্রবৃদ্ধির গতি দক্ষিণ এশিয়ার গড় গতির ৪০ শতাংশ এবং ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে ৬০ শতাংশ ছিল। তবে ২০১৫ সালের পর থেকে বাংলাদেশের প্রবৃদ্ধির গতি দক্ষিণ এশিয়ার গড় হারকে ছাড়িয়ে গেছে।

তা সত্ত্বেও ২০২৪ সালে দেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ছিল প্রায় ৩৮ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার গড় ৫৭ শতাংশের তুলনায় অনেক কম।

বিদ্যালয়বহির্ভূত তরুণের সংখ্যা কমানোর ক্ষেত্রেও বাংলাদেশ বড় সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে ইউনেস্কো। ২০০৫ সালে দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ের উপযুক্ত বয়সী তরুণ-তরুণীদের ৭২ শতাংশ বিদ্যালয়ের বাইরে ছিল। ওই সময়ে দক্ষিণ এশিয়ার গড় হার ছিল ৫৩ শতাংশ। ২০২৩ সালে বাংলাদেশে এ হার দুই-তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড়ের নিচে নেমে আসে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ছিল ৪২ শতাংশ। ২০২৩ সালে তা অর্ধেকে নেমে ২১ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যানবেইসের তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হারেও বড় পরিবর্তন এসেছে। ২০০৪ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৮ শতাংশ, যা বেড়ে ৯৩ শতাংশে উন্নীত হয়েছে। ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৫ শতাংশ।

তবে পরীক্ষা পদ্ধতি সহজীকরণের ফলে পাসের হার বাড়লেও শিক্ষার প্রকৃত গুণগত মান নিয়ে উদ্বেগ রয়েছে বলে প্রতিবেদনে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা অর্জনের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে বলে জানিয়েছে ইউনেস্কো। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, নিম্নমাধ্যমিক পর্যায়ে ছেলেদের বিদ্যালয়বহির্ভূত থাকার হার ১৫ শতাংশ হলেও মেয়েদের ক্ষেত্রে তা মাত্র ৪ শতাংশে নেমে এসেছে।

একইভাবে উচ্চমাধ্যমিক স্তরেও ছেলেদের তুলনায় মেয়েদের বিদ্যালয়বহির্ভূত থাকার হার ৮ থেকে ১০ শতাংশীয় পয়েন্ট কম।

এই পরিবর্তনের পেছনে ১৯৯৪ সালে চালু হওয়া মেয়েদের মাধ্যমিক শিক্ষা সহায়তা কর্মসূচি (এফএসএসএপি), উপবৃত্তি প্রদান এবং বিনামূল্যে পাঠ্যবই বিতরণের মতো সরকারি উদ্যোগকে কৃতিত্ব দিয়েছে ইউনেস্কো।

এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে ২০০৫ ও ২০১৩ সালে চালু হওয়া ‘রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (আরওএসসি)’ প্রকল্পের মাধ্যমে কমিউনিটিভিত্তিক শিক্ষা কেন্দ্রগুলোর সহায়তায় প্রায় পাঁচ লাখ বিদ্যালয়বহির্ভূত শিশুকে আনুষ্ঠানিক শিক্ষায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসা ও বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয়ের তুলনায় দেশের অতিদরিদ্র উপজেলাগুলোতে আরওএসসি কেন্দ্রগুলোর উপস্থিতি বেশি ছিল। এ ক্ষেত্রে বিশেষ করে ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ের কথা উল্লেখ করা হয়েছে।

দেশে কর্মমুখী ও কারিগরি শিক্ষারও ব্যাপক প্রসার ঘটেছে বলে জিইএম রিপোর্ট ২০২৬-এ উল্লেখ করা হয়েছে। ২০০২ সালে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৬০০টি। ২০২২ সাল নাগাদ তা প্রায় পাঁচ গুণ বেড়ে ৮ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

শিক্ষার প্রসার দেশের আর্থসামাজিক সূচকেও ইতিবাচক পরিবর্তন এনেছে বলে জানিয়েছে ইউনেস্কো। প্রতিবেদনের তথ্যমতে, শিক্ষার হার বাড়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছর বয়সের আগে বিয়ের হার কমে ৩৯ শতাংশে নেমেছে।

এ ছাড়া প্রজনন হার ১৯৭৫ সালে নারীপ্রতি ৬ দশমিক ৭ সন্তান থেকে কমে ২০১৫ সালে ২ দশমিক ২-এ দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৯০ সাল থেকে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণের হার বছরে ০ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট হারে বেড়ে ২০২৩ সালে ৪৪ শতাংশে পৌঁছেছে। এ হার ভারতের প্রায় ৩০ শতাংশের তুলনায় বেশি।

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের বিকাশ মেয়েদের বাল্যবিবাহ বিলম্বিত করতে এবং চাকরির লক্ষ্যে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কারখানায় কর্মসংস্থানের সহজলভ্যতা ১৭ ও ১৮ বছর বয়সী মেয়েদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কিছুটা বিরূপ প্রভাবও ফেলেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন