রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ: মাহ্দী আমিন

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির বাজেট বাড়ানোর পাশাপাশি বিকেন্দ্রীকরণেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, শিক্ষাবিষয়ক ইশতেহার ও পরিকল্পনা বাস্তবায়নের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। এই বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার আনতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। প্রধানমন্ত্রীর সেই আকাঙ্ক্ষা নিয়েই বর্তমান সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করছে।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষার দুটি মূল লক্ষ্য

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন, আকাঙ্ক্ষা ও পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্র পাশে দাঁড়াবে। এ লক্ষ্য অর্জনে জাতীয় বিশ্ববিদ্যালয় শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

শিক্ষার দুটি মূল লক্ষ্য তুলে ধরে মাহ্দী আমিন বলেন, প্রথমত, শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাদের মধ্যে সঠিক মূল্যবোধ ও নীতিবোধ থাকবে। দ্বিতীয়ত, এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করতে হবে, যাতে তারা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। ভালো মানুষ ও কর্মদক্ষ নাগরিক তৈরি করাই সব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, তৃতীয় ভাষা, কারিগরি ভাষা ও দক্ষতা, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে গত নয় মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় যেসব উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। তবে এসব উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষার মূল লক্ষ্য অর্জিত হবে।

২৩০০-এর বেশি কলেজে মান নিশ্চিতের পরিকল্পনা

অধ্যক্ষদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, শুধু কেন্দ্র বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নীতি নির্ধারণ করলেই হবে না; মাঠপর্যায়ে সেই নীতি কতটা কার্যকর হচ্ছে, তা অনেকটাই নির্ভর করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অধ্যক্ষদের নেতৃত্বের ওপর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, এমন অনেক কলেজ রয়েছে, যেগুলো অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের চেয়েও বড় ব্র্যান্ড ও মর্যাদাপূর্ণ। আবার এমন কলেজও আছে, যেখানে শিক্ষার্থীরা যেতে চায় না; কোথাও শিক্ষার্থী থাকলেও শিক্ষক নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভেতরের এ বৈষম্য দূর করতে হবে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২৩০০-এর বেশি প্রতিষ্ঠানে গুণগত মান নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের হাতে থাকা ল্যাবরেটরি ও লাইব্রেরির যথাযথ ব্যবহার, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার অত্যন্ত হতাশাজনক।

অংশীজনদের সঙ্গে আলোচনা করে পাওয়া মতামতের কথা উল্লেখ করে তিনি বলেন, অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে গুণগত মান, শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যক্রমে সামঞ্জস্য আনা গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যাশা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত মান অর্জনের প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মানের জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন, বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিফলন দেখা যায়। উদাহরণ হিসেবে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির কথা উল্লেখ করেন।

তার ভাষ্য, বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছরে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোর মধ্যে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর বড় আঘাত এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ আবেগ ও অনুভূতির জায়গা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। সম্মিলনস্থলের ইনডোর স্টেডিয়ামটিও তার উদ্যোগে নির্মিত।

বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার প্রত্যাশা

সরকারের পরিকল্পনা ও নীতিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে মাহ্দী আমিন বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চায় সরকার, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং মেধার যথাযথ মূল্যায়ন হবে। প্রত্যন্ত এলাকার একজন শিক্ষার্থীর প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণেও রাষ্ট্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সহযোগিতা করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কার করবে। এর মাধ্যমে গণমানুষের শিক্ষাক্ষেত্রে ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা-ভাবনার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, তিনি এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সমতা ও ন্যায্যতা থাকবে। প্রত্যন্ত অঞ্চলেও ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো দুর্গম এলাকাতেও শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সেই লক্ষ্য পূরণে ভূমিকা রাখছে।

সম্মিলনে আরও বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩০০-এর বেশি কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন