বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে পৃথক স্থানে ভূমি অফিস ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন

নগরীর কাট্টলী রাসমনি ঘাট এলাকার ভূমি অফিস ও হালিশহর বড় পুল এলাকার ট্রাফিক পুলিশ বক্সে পৃথকভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে এসব ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কাট্টলী ইউনিয়ন ভূমি অফিসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চট্টগ্রাম মহানগর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মোহাম্মদ আরমান ভূঁইয়া বলেন, তাঁর কার্যালয়ের আওতাধীন কাট্টলী ইউনিয়ন ভূমি অফিসে দুজন আগুন দেয়।

তিনি বলেন, “কার্যালয়টির দুই পাশে সীমানা প্রাচীর ও দুই পাশে কাঁটাতারের বেড়া ছিল। বেড়া ফাঁক করে দুই দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে আগুন দেয়। ধোঁয়া দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যায়।”

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) রুহুল আমিন লাবু বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।”

ট্রাফিক পুলিশ বক্সে আগুন

অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে নগরীর হালিশহর থানার বড় পুল এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, আগুনে বক্সটির জানালা আংশিক পুড়ে গেছে। এ ছাড়া ভেতরে ও বাইরের কিছু অংশ কালো হয়ে গেছে। স্থানীয় লোকজন আগুন দেখে তা নিভিয়ে ফেলেন।

ওসি বলেন, “কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটা খুঁজতে আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করছি।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন