বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুষ্ঠানেই জুলাই অভ্যুত্থান ও বর্তমান সরকারের প্রশংসা করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত

নিউইয়র্কে হ্যারি কে টমাস বললেন, ফেব্রুয়ারির নির্বাচনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরকে স্বীকৃতি দেওয়া উচিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির নেতাকর্মীদের প্রত্যাশার বিপরীত বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। নিউইয়র্কে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্তিপূর্ণ ক্ষমতা গ্রহণেরও প্রশংসা করেন।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে ‘ঢাকা কোন পথে: বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হ্যারি কে টমাস। নিজেদের প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠানটির আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

শ্রম সংস্কার ও কূটনৈতিক উদ্যোগের প্রশংসা

বক্তব্যে হ্যারি টমাস বাংলাদেশের বর্তমান সরকারের শ্রম সংস্কার, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা বাড়াতে কূটনৈতিক উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার প্রশংসা করেন।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। একটি দেশের জনগণকেই নিজেদের গণতান্ত্রিক ভবিষ্যৎ বেছে নিতে হয়। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিয়েছে।

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে হ্যারি টমাস বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের হিসাব অনুযায়ী, ওই ঘটনায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। নিহতদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া উত্তেজিত জনতার হামলায় ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হন উল্লেখ করে তিনি বলেন, তাঁদেরও স্মরণ করা উচিত।

রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে ছাদে সংঘর্ষ দেখার সময় প্রাণ হারানো ছয় বছরের শিশুর কথা বিশেষভাবে স্মরণ করেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।

তিনি বলেন, তাঁদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে। এখন আমরা যা-ই বলি না কেন, সবার আগে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা উচিত।

তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা হস্তান্তরের প্রশংসা

গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

নির্বাচনের ফল নিয়ে কারও ভিন্নমত থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকে স্বীকৃতি দেওয়া উচিত।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানোর যে উদ্যোগ নিয়েছেন, সেটিরও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ থেকে সরে যায়নি যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়ে বিভিন্ন আলোচনা রয়েছে উল্লেখ করে হ্যারি টমাস বলেন, যুক্তরাষ্ট্র মোটেও বাংলাদেশ থেকে সরে যায়নি।

তিনি জানান, ২০২৬ সালে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) যৌথ তহবিলে ৩০ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশের মানুষের স্বাস্থ্য কর্মসূচিতে প্রায় ১০ কোটি ডলার অর্থায়ন করছে ওয়াশিংটন। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় কর্মসূচি, যা এখনো চালু রয়েছে।

পররাষ্ট্রনীতিতে ভারসাম্যের ওপর গুরুত্ব

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত বলেন, ঢাকা বর্তমানে ‘কৌশলগত বাস্তববাদ’ ও ‘বহুমুখী কূটনীতি’ অনুসরণ করছে। ‘পক্ষ-বিপক্ষ’ ধরনের অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের ভারসাম্যপূর্ণ অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন