বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হরমুজ-বাব এল মান্দেব সংকটে বাড়ছে বাংলাদেশের পণ্য পরিবহন ব্যয়

বিকল্প পথে পণ্য পরিবহনে সময় লাগছে অতিরিক্ত ২৫-৩০ দিন, বাড়ছে আমদানি-রপ্তানি ব্যয়

হরমুজ প্রণালির পাশাপাশি বাব এল মান্দেব প্রণালি দিয়েও জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশে জাহাজ ভাড়া ও কনটেইনার পরিবহনের খরচ ক্রমেই বাড়ছে। সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে বিকল্প পথে চলাচল করায় জাহাজের সময় লাগছে অতিরিক্ত ২৫ থেকে ৩০ দিন। একই সঙ্গে পরিবহন খরচ বেড়েছে দুই থেকে তিন গুণ। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে তেল পরিবহনের অয়েল ট্যাংকারেরও সংকট তৈরি হয়েছে।

দুই গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা

বিশ্ব সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশপথ হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ চলছে। এ পথে ভাসমান মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে, বাব এল মান্দেব প্রণালিতে রয়েছে হুতি বিদ্রোহীদের তৎপরতা। ফলে এ পথেও জাহাজ চলাচল স্বাভাবিক নেই। দুই গুরুত্বপূর্ণ নৌপথের অস্থিরতার প্রভাব পড়ছে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে।

চট্টগ্রাম নৌ বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার (রুটিন ওয়ার্ক) ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে সমুদ্র পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ ও বাব এল মান্দেব—শিপিংয়ের এই দুটি গুরুত্বপূর্ণ চোক পয়েন্টে জাহাজ চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে।

লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে বাব এল মান্দেব প্রণালি। অন্যদিকে, হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। গত ৯ মাসের বেশি সময় ধরে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ কারণে সময় বাঁচাতে অনেক জাহাজ বাব এল মান্দেব প্রণালি ব্যবহার করছিল। তবে বর্তমানে দুই রুট এড়িয়ে আফ্রিকা ঘুরে চলাচল করায় জাহাজের গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত অন্তত ২৫ দিন সময় লাগছে।

ইউরোপগামী পণ্যের ভাড়া বেড়েছে কয়েক গুণ

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আগে বাংলাদেশ থেকে ইউরোপে পণ্য পাঠাতে প্রতি কার্গোর ভাড়া ছিল ৭০০ থেকে ৮০০ ডলার, কোনো কোনো ক্ষেত্রে ১ হাজার ডলার। এখন সেই ভাড়া বেড়ে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার ডলারে দাঁড়িয়েছে।

তিনি বলেন, জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকার নিচ দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত ২৫ দিন সময় লাগছে। এই বাড়তি সময়ে জাহাজের পরিচালন ব্যয় ও জ্বালানি খরচও বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে পরিবহন ভাড়ায়।

চলতি বছরের জুলাই ও আগস্টে চীনের সাংহাই থেকে চট্টগ্রাম বন্দরে ৪০ ফুটের একটি কনটেইনার পরিবহনে ভাড়া ছিল আড়াই হাজার মার্কিন ডলার। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪ হাজার ডলারে।

বাড়তি ব্যয়ের চাপ রপ্তানিকারকদের ওপর

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, বছরে একটি প্রতিষ্ঠান যদি ১ হাজার থেকে দেড় হাজার কনটেইনার পণ্য রপ্তানি করে, তাহলে বাড়তি পরিবহন খরচ পুরোপুরি রপ্তানিকারককেই বহন করতে হয়। সাধারণত ক্রেতারা এই বাড়তি খরচ দেন না। ফলে তা পণ্যের মোট উৎপাদন ও রপ্তানি ব্যয়ের সঙ্গে যুক্ত হচ্ছে।

তেলবাহী ট্যাংকারের সংকট

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী বলেন, ঝুঁকি বেড়ে যাওয়ায় এই রুটে তেল পরিবহনের জন্য বিশেষ করে ট্যাংকার জাহাজের সংকট তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ পথে চলাচল এড়াতে জাহাজমালিকেরা বিকল্প রুট ব্যবহারের চেষ্টা করছেন।

বিদেশি জাহাজের ওপর নির্ভরশীল বাংলাদেশ

২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দর আমদানি-রপ্তানি বাণিজ্যের ৩৫ লাখ ১৮ হাজার কনটেইনার এবং ১৩ কোটি ৭৭ লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং করেছে। এসব পণ্য পরিবহনে বন্দরে এসেছে ৪ হাজার ৩২৪টি জাহাজ।

বিশ্ব সমুদ্র বাণিজ্যে বাংলাদেশের জ্বালানি তেল, বাল্ক পণ্য ও কনটেইনার পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভর করতে হয়। এই সংকট মোকাবিলায় দেশীয় মালিকানাধীন জাহাজের সংখ্যা বাড়ানোর বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ রয়েছে মাত্র ১৬০টি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন