বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় একসঙ্গে বিএনপির ৬ নেতার পদত্যাগ

দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগে পাঁচ দিনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে একযোগে বিএনপির ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন—পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

যে কারণে পদত্যাগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সম্প্রতি টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট নন।

এ অবস্থায় প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত থাকবেন না বলে লিখিত বক্তব্যে জানান পদত্যাগকারীরা।

এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুকেও একাধিকবার ফোন করা হয়। তিনিও কল ধরেননি।

এর আগে পদত্যাগ করেন আরও ১৩ নেতাকর্মী

এর আগে ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতাকর্মী সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন