দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিমান যোগাযোগ ও পর্যটন সহযোগিতা বাড়ানোর আলোচনা
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ভবিষ্যতে এসব রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বিমান যোগাযোগ বাড়ানোর আলোচনা
সাক্ষাৎকালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি। এ সময় দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।
পর্যটন সহযোগিতা জোরদারের প্রস্তাব
বাংলাদেশের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আকর্ষণীয়। দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতে সহযোগিতার এসব উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করবে।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

