মশাল ও নিষিদ্ধ যুবলীগের ব্যানার উদ্ধার, অন্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ
হবিগঞ্জের বানিয়াচঙ্গে নাশকতার চেষ্টার অভিযোগে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, মশাল ও ব্যানারসহ মেহেদী হাসান ইমন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
ইমন বানিয়াচং উপজেলার দোকানটুলা মহল্লার নূর মোহাম্মদের ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাশকতার চেষ্টার অভিযোগ
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বানিয়াচং উপজেলার শরীফখানী এলাকায় কয়েকজন নিষিদ্ধ যুবলীগ কর্মী ব্যানার, মশাল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম নিয়ে নাশকতার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।
যা উদ্ধার হয়েছে
পুলিশ ঘটনাস্থল থেকে চারটি আগুনের মশাল, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম এবং নিষিদ্ধ যুবলীগের একটি ব্যানার উদ্ধার করেছে।
ওসি শেখ নাজমুল হক জানান, আটক ইমনকে বুধবার আদালতে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

