মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আজ রাতেই চূড়ান্ত হতে পারে

মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান; সর্বশেষ প্রস্তাবে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ ও শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা চেয়েছে

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান কমে আসছে। আজ মঙ্গলবার রাতের মধ্যেই মজুরির বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

আজ রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বোর্ড চেয়ারম্যান বলেন, মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে ব্যবধান কমিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। আজ রাত ৯টা পর্যন্ত বৈঠক চলবে। উভয় পক্ষ তৃতীয় দফায় তাদের সংশোধিত প্রস্তাব জমা দেবে। এরপর সেগুলো পর্যালোচনা করে আজকের মধ্যেই মজুরি চূড়ান্ত করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, এ বিষয়ে তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞদেরও বৈঠকে রাখা হয়েছে। তাঁরা প্রয়োজনীয় তথ্য দিয়ে আলোচনায় সহায়তা করছেন।

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার টাকা

বোর্ড সূত্রে জানা গেছে, সর্বশেষ আলোচনায় মালিকপক্ষ শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে গতকাল সোমবার দুপুরে বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা হলেও সমঝোতা হয়নি। পরে আজ মঙ্গলবার আবার বৈঠকে বসে বোর্ড।

গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তী আলোচনায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।

আজকের বৈঠকের আলোচ্যসূচি

আজকের সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয় দুটি আলোচ্যসূচিতে রয়েছে।

বর্তমানে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা

বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এ মজুরি ঘোষণা করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন